চেম্বার আদালতেও জামিন পাননি হাজি সেলিম

চেম্বার আদালতেও জামিন পাননি হাজি সেলিম
জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে জামিন দেয়নি চেম্বার আদালত। জামিন আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন চেম্বার আদালত। আগামী ১ আগস্ট আপিল বিভাগে এ বিষয়ে শুনানি হবে।

সোমবার (৬ জুন) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে হাজি সেলিমের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

গত ২৪ মে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্টে বহাল থাকা ১০ বছরের সাজার বিরুদ্ধে আপিল করেন সংসদ সদস্য (এমপি) হাজি মোহাম্মদ সেলিম। আপিলে ১০ বছরের সাজা থেকে খালাস চান তিনি। সেইসঙ্গে জামিন আবেদনও করেন। গত ২২ মে হাইকোর্টের আদেশে হাজি সেলিম বিচারিক আদালতে আত্মসমর্পণ করে বর্তমানে কারাগারে আছেন।

গত বছরের ৯ মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেয়া ১০ বছরের কারাদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট। তবে তিন বছরের দণ্ড থেকে খালাস দেয়া হয় তাকে। রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।

২০০৭ সালের ২৪ অক্টোবর হাজি সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালের ২৭ এপ্রিল তাকে দুই ধারায় ১৩ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত।

২০০৯ সালের ২৫ অক্টোবর ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হাজি সেলিম। ২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে তার সাজা বাতিল করেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় শুনানির নির্দেশ দেন আপিল বিভাগ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

থাইল্যান্ডে সিকদার পরিবারের ১৩৩ কোটি টাকার সম্পদ অবরুদ্ধের আদেশ
এস আলমসহ ৩ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ
ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর ইমরান হত্যা মামলায় গ্রেফতার
দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণ পৃথক করলো সরকার
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে
হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান
ইস্টার্ন ব্যাংক চেয়ারম্যানের পরিবারের ১৪৬ হিসাব খতিয়ে দেখবে দুদক
বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ
হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ
শেখ হাসিনার বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ