Ortho Songbad আর্কাইভ

দুই দেশ থেকে ৮০ হাজার টন সার কিনবে সরকার

দুই দেশ থেকে ৮০ হাজার টন সার কিনবে সরকার

কানাডা ও মরক্কো থেকে ৮০ হাজার মেট্রিক টন এমওপি ও টিএসপি সার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।





আজ বুধবার (৩০ নভেম্বর) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সংক্রান্ত দুটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।





এ দুটি পৃথক প্রস্তাব বাস্তবায়নে সরকারের মোট খরচ হবে ৫০৮ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা।





মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডা কমার্সিয়াল কর্পোরেশন থেকে নবম লটে ৫০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার ৩৫৮ কোটি ৪৮ লাখ ১৩ হাজার ৯২৫ টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।





এছাড়া কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি, এস এ থেকে ১০ম লটে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার ১৫০ কোটি ৬৭ হাজার ৮০০ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।





অর্থসংবাদ/এসএম


মুল সাইট থেকে

পুজিবাজার