Ortho Songbad আর্কাইভ

১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় চলবে গণপরিবহন

১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় চলবে গণপরিবহন
আগামী ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহন আগের ভাড়ায় চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার নিজ বাসভবন থেকে সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, শর্ত সাপেক্ষে অতিরিক্ত ভাড়া প্রত্যাহার করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

করোনা সংকটকালে বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়ায় সরকার। বাস ও মিনিবাসে আসন সংখ্যার অর্ধেক যাত্রী বহন করার শর্তে গত ১ জুন থেকে নতুন ভাড়া কার্যকর হয়।

মন্ত্রী বলেন, গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার ও টিকিট বিক্রয়কারীসহ সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। বাসে আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না।

‘স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চলাতে হবে এবং ট্রিপের শুরু ও শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে।’

তিনি আরও জানান, সরকারি নির্দেশনা সবাইকে বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেয়া হবে। আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নিতে বিআরটিএকে নির্দেশ দেন সেতুমন্ত্রী।

মুল সাইট থেকে

পুজিবাজার