Ortho Songbad আর্কাইভ

শ্রমবাজারে বিরূপ প্রভাব, মিশনগুলোকে সতর্ক থাকার পরামর্শ

শ্রমবাজারে বিরূপ প্রভাব, মিশনগুলোকে সতর্ক থাকার পরামর্শ
বৈশ্বিক করোনা মহামারির প্রভাবে বিদেশে বাংলাদেশের শ্রমবাজারে বিরূপ প্রভাব পড়তে পারে। এতে শ্রম বাজার সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই প্রবাসে অবস্থানরত জনশক্তির শ্রমবাজার যেন সংকুচিত না হয়, সে জন্য বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে সতর্ক থাকতে বলেছে সংসদীয় কমিটি। কমিটির বৈঠকে এ বিষয়ে মিশনগুলোকে কূটনৈতিক তৎপরতা জোরদার করার সুপারিশ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

সংসদীয় কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, অধ্যাপক মো. আলী আশরাফ, মোয়াজ্জেম হোসেন রতন, আয়েশা ফেরদাউস ও পংকজ নাথ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে বিকল্প শ্রম বাজার কম্বোডিয়া, পোল্যান্ড, চীন, রুমানিয়া, ক্রোয়েশিয়া ও সিশেলস-এ কর্মী প্রেরণের উদ্যোগ দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। এ ছাড়া করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশি কর্মীরা করোনা পরবর্তী সময়ে যেন পুনরায় সে দেশে যেতে পারেন সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে জানানো হয়, প্রবাসে অবস্থানরত ও প্রবাসফেরত কর্মীদের সহায়তায় বাংলাদেশ মিশনের শ্রম কল্যাণ উইংয়ের মাধ্যমে দুস্থ ও কর্মহীন হয়ে পড়া প্রবাসী কর্মীদের মধ্যে বিশেষ বরাদ্দের প্রায় ১১ কোটি টাকার ওষুধ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ ছাড়া দেশে ফেরত আসা কর্মীদের রিইন্টিগ্রেশনের জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার