অর্থমূল্য বাড়ল নোবেল পুরস্কারের

অর্থমূল্য বাড়ল নোবেল পুরস্কারের
চলতি বছর মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কারজয়ীদের গত বছরের তুলনায় ১০ লাখ ক্রৌন বা প্রায় এক লাখ ১০ হাজার ডলার বেশি দেওয়া হবে বলে জানিয়েছেন নোবেল ফাউন্ডেশনের প্রধান লারস হেইকেনস্টেন।

বৃহস্পতিবার সুইডেনের দৈনিক ডাগেন ইন্ডুস্ট্রিকে তিনি এ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হেইকেনস্টেন বলেছেন, এ বছর থেকে নোবেল পুরস্কারের অর্থমূল্য ফের এক কোটি ক্রৌন হচ্ছে।

ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেল ৩ কোটি ১০ লাখ ক্রৌন রেখে গিয়েছিলেন, আজকের বাজারে যা প্রায় ১৮০ কোটি ক্রোনের সমান। তার রেখে যাওয়া ওই অর্থ দিয়েই ১৯০১ সাল থেকে মর্যাদাপূর্ণ এ নোবেল পুরস্কারের প্রচলন করা হয়।

রয়টার্স জানিয়েছে, শত বছরেরও বেশি সময় ধরে নোবেল পুরস্কার বিশ্বের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে এলেও সময়ে সময়ে এ পুরস্কারের অর্থমূল্য পরিবর্তিত হয়েছে।

শুরুর দিকে বিজয়ীদের দেড় লাখ ক্রৌন দেওয়া হতো, পরে বাড়তে বাড়তে ১৯৮১ সালে তা ১০ লাখ ক্রৌনে দাঁড়ায়।

পরের দুই দশক এ অর্থমূল্য হু হু করে বাড়ে। ২০০০ সালে প্রতিটি পুরস্কারের অর্থমূল্য দাঁড়ায় ৯০ লাখ ক্রৌনে; পরের বছর বেড়ে হয় এক কোটি ক্রৌন।

২০০৮-০৯ সালের মন্দায় নোবেল ফাউন্ডেশনের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হলে পরিস্থিতি সামলাতে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান হেইকেনস্টেনকে ফাউন্ডেশনের দায়িত্বে নিয়ে আসা হয়।

তার হাত ধরেই নোবেল পুরস্কারের অর্থমূল্য কমে যায়। ২০১২ সালে পুরস্কারটির অর্থমূল্য হয় ৮০ লাখ ক্রৌন; ২০১৭ সালে বাড়িয়ে করা হয় ৯০ লাখ ক্রৌন।

এ বছর থেকে ফের এক কোটি কৌন হলেও, সময়ে সময়ে পুরস্কারের অর্থমূল্য আরও বাড়বে বলে জানিয়েছেন হেইকেনস্টেইন। চলতি বছরের শেষদিকে তিনি ফাউন্ডেশনের প্রধান নির্বাহীর পদ থেকে সরে যাচ্ছেন; তার স্থলাভিষিক্ত হচ্ছেন নরওয়ের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ভিদান হেলগেসেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না