Ortho Songbad আর্কাইভ

বিশ্বকাপ ব্যর্থতায় পুরো লঙ্কা ক্রিকেট বোর্ড বরখাস্ত

বিশ্বকাপ ব্যর্থতায় পুরো লঙ্কা ক্রিকেট বোর্ড বরখাস্ত
ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরে ১৯৯৬ সালের শিরোপাজয়ী দল শ্রীলঙ্কার সময়টা ভালো যাচ্ছে না। সাত ম্যাচে দুই জয় তাদেরকে সেমিফাইনালের দৌড় থেকে বলতে গেলে একপ্রকার ছিটকেই দিয়েছে।

ব্যর্থতায় ভরা এই বিশ্বকাপে ভারতের বিপক্ষে সবচেয়ে লজ্জাজনক পারফর্ম্যান্সের পর বেশ খেপেছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। পুরো ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করেছেন তিনি। নিয়োগ দিয়েছেন নতুন ক্রিকেট কমিটি।

অন্তর্বর্তীকালীন কমিটির চেয়ারম্যান করা হয়েছে অর্জুনা রানাতুঙ্গাকে। ১৯৯৬ বিশ্বকাপজয়ী অধিনায়ককে প্রধান করে এসএলসির ৭ সদস্যের পরিচালনা কমিটি করা হয়েছে। দেশটির ক্রীড়া মন্ত্রণালয় বলেছে, ১৯৭৩ সালে প্রণীত শ্রীলঙ্কার ক্রীড়া আইনের অধীন মন্ত্রী এই কমিটি নিয়োগ দিয়েছেন।

শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসকদের সঙ্গে মন্ত্রণালয়ের মতবিরোধ চলছিল বেশ কয়েক মাস ধরে। গত বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, তা ২৬০ পাতার সরকারি নিরীক্ষায় (অডিট) তুলে ধরা হয়েছে। ক্রিকেট প্রশাসনে অসদাচরণের তদন্তে ক্রীড়ামন্ত্রী রানাসিংহে তিন সদস্যের একটি প্যানেল নিয়োগ দিয়েছেন।

গত সপ্তাহে আইসিসিকে পাঠানো এক চিঠিতে রানাসিংহে শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসকদের ‘লজ্জাহীন, বিশ্বাসঘাতক ও অবিশ্বস্ত’ বলে অভিহিত করেন। এসবের জেরে শনিবার মন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন এসএলসির সেক্রেটারি মোহন ডি সিলভা। এবার এলো এই সিদ্ধান্ত।

শুধু তাই নয়, বিশ্বকাপে তো যাচ্ছেতাই অবস্থা লঙ্কানদের। ভারতের বিপক্ষে ৫৫ রানে গুটিয়ে ৩০২ রানে হারের পর পুরো বোর্ডকে পদত্যাগের আহবান জানিয়েছিলেন রোশান। কড়া ভাষায় তিনি বলেছিলেন, 'তাদের স্বেচ্ছায় দায়িত্ব ছাড়া উচিত।' তবে সেই সময়ের অপেক্ষা না করে নিজেই উদ্যোগ নিয়ে বোর্ডকে সরিয়ে দিলেন তিনি।

দিল্লিতে আজ বাংলাদেশের বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা। গাণিতিকভাবে এখনও টিকে আছে লঙ্কানদের শেষ চারে খেলার সম্ভাবনা। এরজন্য আজ বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার