Ortho Songbad আর্কাইভ

স্মার্ট বাংলাদেশ গঠনে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

স্মার্ট বাংলাদেশ গঠনে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

অসাম্প্রদায়িক, সুখী-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ সোমবার (২৫ ডিসেম্বর) বঙ্গভবনে বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এক ভাষণে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।


এ সময় রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা, পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।


রাষ্ট্রপ্রধান বলেন, ‘সব ধর্মই মানুষের কল্যাণের কথা বলে। ধর্ম উপলব্ধির বিষয়, তর্কের নয়। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।’


বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, আবহমানকাল থেকে এদেশে সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার-অনুষ্ঠানাদি স্বাধীনভাবে পালন করে আসছে।


‘বড়দিন’ উপলক্ষে তিনি দেশের খ্রিস্টান সম্প্রদায়সহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, যিশুখ্রিস্ট ছিলেন সত্যান্বেষী ও আলোর দিশারী।


সাহাবুদ্দিন বলেন, মহামতি যিশুখ্রিস্ট পথভ্রষ্ট মানুষকে সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছেন এবং স্রষ্টা ও সৃষ্টির মধ্যে যোগাযোগ স্থাপনের পাশাপাশি পৃথিবীকে শান্তির আবাসভূমিতে পরিণত করতে কাজ করেছেন।


রাষ্ট্রপতি মনে করেন, যিশুর এই শিক্ষা সবার জীবনে প্রতিফলিত হলেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।


বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপনসহ বর্তমান যুদ্ধ-বিগ্রহপূর্ণ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যিশুখ্রিষ্টের শিক্ষা ও আদর্শ কার্যকর ভূমিকা রাখতে পারে বলে রাষ্ট্রপতি আশা করেন।


এ সময় ঢাকার আর্চবিশপ বিজয় নিসেফরাস ডি ক্রুজ, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিওসহ বিভিন্ন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তি ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।


বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি দরবার হলে একটি কেক কাটেন এবং অতিথিদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন।


অর্থসংবাদ/বাসস/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার