Ortho Songbad আর্কাইভ

সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন দেখতে চায় ওআইসি

সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন দেখতে চায় ওআইসি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ দেখতে চায় মুসলিম দেশগুলোর সংগঠন ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এমন প্রত্যাশা ব্যক্ত করেন ওআইসি পর্যবেক্ষক দলের প্রধান সাকের মাহমুদ বান্দার।

রাজধানীর শেরেবাংলা নগরের নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত বৈঠকে ওআইসির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাকের মাহসুদ বান্দার। সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের আমন্ত্রণে আমরা এখানে এসেছি। আশা করছি নির্বাচন স্বচ্ছ হবে। নির্বাচনের প্রস্তুতি কেমন- সেটি জানতে আমরা এখানে এসেছি।

পরে ব্রিফিং করেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেব নাথ। তিনি এ বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে নেতৃত্ব দেন। অশোক কুমার দেবনাথ বলেন, ওআইসির প্রতিনিধি দল নির্বাচনী পরিবেশ কেমন, আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা ইত্যাদি বিষয় জনতে চেয়েছে। আমরা আমাদের প্রস্তুতিসহ সব বিষয় জানিয়েছি। তারা জানতে চেয়েছেন ভোটারদের কোনো শঙ্কা আছে কিনা। আমরা তাদের জানিয়েছি, তারা সন্তোষ প্রকাশ করেছেন।

এর আগে বিকালে কমনওয়েলথের ছয় সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। সেই বৈঠকের বিষয়ে অতিরিক্ত সচিব বলেন, আমাদের নির্বাচনের সার্বিক প্রক্রিয়া, নির্বাচনের কার্যক্রম, নির্বাচনের চ্যালেঞ্জ ইত্যাদি বিষয়ে তারা জানতে চেয়েছিলেন। ভোটারদের অংশগ্রহণ নিয়ে কোনো চ্যালেঞ্জ আমরা দেখছি কিনা, এই বিষয়ে জানতে চেয়েছিলেন। আমরা বলেছি, ভোটারদের মনে যেন কোনো ভীতি না থাকে, তা নিশ্চিত করতে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি মোতায়েন হয়েছে।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার