Ortho Songbad আর্কাইভ

১২ মামলায় জামিন পেলেন ইমরান খান

১২ মামলায় জামিন পেলেন ইমরান খান

৯ মেয়ের সহিংসতার ঘটনায় দায়ের করা ১২টি মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একই ঘটনায় করা ১৩ মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।


শনিবার (১০ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) এই জামিন আবেদন মঞ্জুর করেন।


ইমরান যে ১২টি মামলায় জামিন পেয়েছেন, তার মধ্যে পাকিস্তানের সেনা সদর দপ্তর এবং সেনা জাদুঘরে হামলার ঘটনায় করা মামলাও আছে। ১২ মামলায় ইমরানকে ১ লাখ পাকিস্তানি রুপির মুচলেকায় স্বাক্ষর করতে বলা হয়েছে।


রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালতের বিচারপতি মালিক ইজাজ আসিফ জামিন আবেদনের শুনানি করেন। তিনি বলেন, পিটিআই প্রতিষ্ঠাতাকে গ্রেপ্তার করে রাখার কোনো যৌক্তিকতা নেই। ৯ মে-এর ঘটনায় অভিযুক্ত সবাই জামিনে আছেন।


ইমরান এবং কুরেশিকে ৬ ফেব্রুয়ারি অভিযুক্ত করা হয়। আদালতে ইমরান বলেন, ৯ মে তাঁকে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছিল।


গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তায় নামেন পিটিআইয়ের কর্মী-সমর্থকেরা। এদিন রাওয়ালপিন্ডিতে দেশটির সেনাবাহিনীর সদর দপ্তর এবং লাহোরে জিন্নাহ হাউস নামে পরিচিত একজন সেনা কমান্ডারের বাসভবনে হামলা করা হয়। ৯ মে-এর সহিংসতার ঘটনায় ইমরানের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে বেশ কয়েকটি মামলা হয়েছে। এর মধ্যে আছে সেনা সদর দপ্তরের ফটকে হামলা, স্পর্শকাতর একটি প্রতিষ্ঠানের কার্যালয়সহ বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় মামলা।

মুল সাইট থেকে

পুজিবাজার