Ortho Songbad আর্কাইভ

আয়ু বাড়াতে তৈলাক্ত খাবার পরিহার করতে হবে: গণপূর্তমন্ত্রী

আয়ু বাড়াতে তৈলাক্ত খাবার পরিহার করতে হবে: গণপূর্তমন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশের গড় আয়ু বাড়াতে হবে। সেটা করতে হলে নিরাপদ খাদ্যগ্রহণের ব্যতিক্রম হলে চলবে না। তাছাড়া তৈলাক্ত খাবার পরিহার করার চেষ্টা করতে হবে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত তিন দিনব্যাপী সেফ ফুড কার্নিভালের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পচা খাবার পরিহার করলে স্বাস্থ্য ভালো থাকবে, আয়ুষ্কাল বাড়বে এবং মেধার দিক দিয়ে অনেক যোগ্যতাসম্পন্ন হব। নিরাপদ খাদ্যের আশ্রয় গ্রহণ করলে তরুণ প্রজন্ম বাংলাদেশসহ বিশ্বের নেতৃত্ব গ্রহণ করবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশে প্রথমবারের মতো আয়োজিত হয় সেফ ফুড কার্নিভাল। রাজধানীসহ সারা দেশ থেকে মোট ৭০টি প্রতিষ্ঠান নিজেদের পণ্য নিয়ে কার্নিভালে হাজির হয়। পিঠা প্রতিযোগিতা, আঞ্চলিক বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ম্যাজিক শো, পুতুল নাচ, জিআই পণ্য নিয়ে সেমিনার ও বিভিন্ন নাসি ব্যান্ডের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ট্রান্সফ্যাট, পোড়া তেল, ফরমালিন, পারিবারিক নিরাপদ খাদ্য নির্দেশিকা, ‘১৬১৫৫’, খাদ্যকথন, কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখা এবং নিরাপদ খাদ্যের চাবিকাঠিসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার