Ortho Songbad আর্কাইভ

টেক্সটাইল দেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত: রাষ্ট্রপতি

টেক্সটাইল দেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত: রাষ্ট্রপতি

টেক্সটাইল বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম প্রধান এবং সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


মঙ্গলবার (১৯ মার্চ) বঙ্গভবনে উপাচার্য অধ্যাপক ড. শাহ আলীমুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে এসব কথা বলেন তিনি।


তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তথ্য প্রযুক্তি ও বিশ্ব পরিস্থিতি বিবেচনায় রেখে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন। টেক্সটাইল খাতের আধুনিকায়ন ও বৈচিত্রকরণে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।


বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বিশ্ববাজারে বাংলাদেশের টেক্সটাইল পণ্যকে আরও বেশি জনপ্রিয় ও আকর্ষণীয় করতে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।


সাক্ষাৎকালে বুটেক্স উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমসহ সার্বিক বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।


তিনি বলেন, ১৯৫৭ সালে তৎকালীন সরকারের মন্ত্রী থাকাকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেক্সটাইল ইনস্টিটিউটের একাডেমিক ও আবাসিক ভবন নির্মাণের জন্য তেজগাঁওয়ে জায়গা বরাদ্দ দেন এবং প্রতিষ্ঠানটির নির্মাণকাজ শুরু করেন।


বুটেক্স উপাচার্য বলেন, পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে এটিকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করেন।


তিনি বিশ্ববিদ্যালয় পরিচালনায় রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার