Ortho Songbad আর্কাইভ

অবশেষে ব্যবসায় জোট বাঁধলেন আদানি-আম্বানি

অবশেষে ব্যবসায় জোট বাঁধলেন আদানি-আম্বানি
ভারতের শীর্ষস্থানীয় ধনকুবের হিসেবে পরিচিত আদানি এবং আম্বানি। কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে উভয়ই চরম ‘প্রতিদ্বন্দ্বী’। এবার সব আলোচনা ছাপিয়ে দুই প্রতিদ্বন্দ্বী শতকোটিপতির (বিলিয়নিয়ার) মধ্যে প্রথমবারের মতো অংশীদারি ব্যবসায়িক কার্যক্রম চালু হতে যাচ্ছে।

ভারতের মধ্যপ্রদেশে গৌতম আদানির মালিকানাধীন আদানি পাওয়ারের একটি বিদ্যুৎ প্রকল্পের ২৬ শতাংশ অংশীদারত্ব কিনছেন মুকেশ আম্বানির রিলায়েন্স। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ওই প্ল্যান্ট থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহারের জন্য একটি চুক্তিও সই করা হয়েছে।

জানা গেছে, মহান এনার্জেন লিমিটেড নামের ওই সংস্থাটি সম্পূর্ণভাবেই আদানির মালিকানাধীন। রিলায়েন্স এরই ৫ কোটি ইকুইটি শেয়ার কিনেছে। যার মূল্য ৫০ কোটি রুপি। এছাড়াও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করবে তারা। শেয়ার বাজারে পৃথক ফাইলিংয়ে দুই সংস্থার পক্ষ থেকেই এই বিষয়ে জানানো হয়েছে।

এই মুহূর্তে এশিয়ার সবচেয়ে ধনী দুই ব্যক্তি হলেন গুজরাটের এই দুই শিল্পপতি। গত কয়েক বছর ধরে তাদের মধ্যে কার্যতই টক্কর চলছে। একবার আম্বানি এগিয়ে যান। একবার আদানি তাকে টপকান। সংবাদমাধ্যম ও বিশেষজ্ঞরা এই ‘লড়াই’ নিয়ে প্রবল উৎসাহী। কিন্ত এবার প্রথম তারা হাত মিলিয়েছেন। যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আম্বানি যেখানে তেল, গ্যাস, খুচরো, টেলি সেবায় বিনিয়োগে আগ্রহী, সেখানে আদানি মূলত সামুদ্রিক বন্দর, বিমানবন্দর, কয়লা ইত্যাদিতে মনোযোগী। তবে আগামী দিনে নতুন নতুন লক্ষ্য রয়েছে দুই ধনকুবেরের।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার