Ortho Songbad আর্কাইভ

থাইল্যান্ড সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

থাইল্যান্ড সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল বৃহস্পতিবার (২ মে) সকালে তাঁর সাম্প্রতিক থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী গত সোমবার (২৯ এপ্রিল) ব্যাংকক থেকে দেশে ফিরেছেন। থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গত ২৪ এপ্রিল থাইল্যান্ডে পৌঁছান শেখ হাসিনা।

শেখ হাসিনা গত ২৬ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে গভর্নমেন্ট হাউসে দ্বিপক্ষীয় আলোচনা করেন। দুই নেতার উপস্থিতিতে দুই দেশের মধ্যে ভিসা অব্যাহতি, জ্বালানি, পর্যটন ও শুল্কসংক্রান্ত বিষয়ে সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনার বিষয়ে পাঁচটি দ্বিপক্ষীয় নথি সই হয়।

সেখানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাভিসিনের দেওয়া আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজের সভায় শেখ হাসিনা তাঁর এই সফরকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন।

পাশাপাশি গত ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুসিত প্রাসাদের অ্যামফোর্ন সাথার্ন থ্রোন হলে থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরা ক্লাওচা উয়ুয়া এবং রানি সুথিদা বজ্রসুধা বিমলা লক্ষ্মণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

একই দিন শেখ হাসিনা ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রের এসকাপ হলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসকাপ) ৮০তম অধিবেশনে ভাষণ দেন।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার