১৪ দলকে আরও সংগঠিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৪ দলীয় জোটকে আরও জনপ্রিয় এবং সংগঠিত করার নির্দেশ দিয়েছেন জোট নেতা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (মে ২৩) সন্ধ্যায় গণভবনে ১৪ দলের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা এ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৈঠক শেষে গণভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জোটের স্ব স্ব দলকে আরও সংগঠিত এবং জনগণের কাছে জনপ্রিয় করে তুলতে ১৪ দলের নেতৃবৃন্দকে নির্দেশনা দিয়েছেন জোটনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বৈঠকের পর ১৪ দলের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটা থাকবে না বলেও মন্তব্য করেন কাদের।