Ortho Songbad আর্কাইভ

গ্রামীণ নারীদের ১৩০ কোটি টাকা ঋণ বিতরণ

গ্রামীণ নারীদের ১৩০ কোটি টাকা ঋণ বিতরণ

গত ১৫ বছরে গ্রামীণ দরিদ্র নারীদের মাঝে ১৩০ কোটি টাকার ঘূর্ণায়মান ঋণ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সিমিন হোসেন (রিমি)।


সোমবার (১০ জুন) সংসদের বাজেট অধিবেশনে বিভিন্ন এনজিও’র ঋণে দায়গ্রস্ত নারীদের উদ্ধার ও পুনর্বাসনে সরকারের পদক্ষেপ ও গৃহীত পদক্ষেপের বাস্তবায়ন অগ্রগতি ও প্রাপ্ত সফলতা জানতে চান ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম। জবাবে এ তথ্য জানান মন্ত্রী। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে সভাপতিত্ব করেন।


সিমিন হোসেন (রিমি) জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দেশের নারীদের কর্মসংস্থান ও পুনর্বাসন করতে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করছে। নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম এই কর্মসূচির আওতায় জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মধ্যে আয়বর্ধক কর্মসূচি, মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন, ক্ষুদ্র ব্যবসা গরু-ছাগল মোটাতাজাকরণ ইত্যাদি কাজে ঋণ দেওয়া হয়। কর্মক্ষম স্বামী পরিত্যক্তা ও বিধবা জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বরাবর আবেদন করতে পারেন।


তিনি বলেন, ঋণগ্রহীতাদের কাছ থেকে কোনো সুদ আদায় করা হয় না। তবে ৫ শতাংশ সার্ভিস চার্জ নেওয়া হয়। একজন নারীকে এককভাবে ২৫ হাজার টাকা পর্যন্ত এবং দলীয়ভাবে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়।


গত ১৫ বছরের (২০০৯-১০ অর্থবছর থেকে ২০২৩-২৪) সাফল্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, অর্থবছরের এপ্রিল পর্যন্ত এ খাতে মোট বরাদ্দ ছিল ২৯ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা। উল্লিখিত বরাদ্দ দ্বারা এ পর্যন্ত এক লাখ ২৪ জন গ্রামীণ দরিদ্র নারীকে ১৩০ কোটি ৬৪ লাখ ৩৪ হাজার টাকা ঘূর্ণায়মান ঋণ দেওয়া হয়েছে। এ পর্যন্ত এসব ঋণ থেকে আদায়ের পরিমাণ ১০৭ কোটি ৩৫ লাখ ৮ হাজার। যা আদায়ের হার ৮২.১৭ শতাংশ।

মুল সাইট থেকে

পুজিবাজার