Ortho Songbad আর্কাইভ

বেসিসের ফিনটেক স্ট্যান্ডিং কমিটির চেয়ার হলেন নগদের ইডি এলিট

বেসিসের ফিনটেক স্ট্যান্ডিং কমিটির চেয়ার হলেন নগদের ইডি এলিট
বাংলাদেশের অন্যতম সেরা এমএফএস ও ফাস্টেট ইউনিকর্ন নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ফিনটেক ও ডিজিটাল পেমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নিয়াজ মোর্শেদ এলিটের এ নিয়োগের মাধ্যমে বাংলাদেশের ফিনটেক ও ডিজিটাল পেমেন্টে নগদের ভূমিকার বহিঃপ্রকাশ ঘটল। বিস্তৃত দূরদর্শী উদ্ভাবক নিয়াজ মোর্শেদ এলিটের নিয়োগের মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তি খাতে আরও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে বলে বেসিস নির্বাহী কমিটি মন্তব্য করেছেন।

সফটওয়্যার খাতের সংগঠনের (বেসিস) ফিনটেক ও ডিজিটাল পেমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়াজ মোর্শেদ এলিট উদ্ভাবনী চিন্তা ও ডিজিটাল পেমেন্ট পদ্ধতি পুনর্গঠনের লক্ষ্য পূরণে কাজ করবেন। তা ছাড়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া ও কমিটির সদস্যদের অনুপ্রাণিত করতেও তিনি ভূমিকা রাখবেন।

স্ট্যান্ডিং কমিটি নীতিনির্ধারণী পর্যায়ের বেশ কিছু চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে গুরুত্ব দেবে ও ডিজিটাল পেমেন্ট সল্যুশনকে আরও বেশি জনপ্রিয় করতে ও ফিনটেক স্টার্টআপের সমৃদ্ধিতে সহায়তা করবে।

নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট নতুন দায়িত্ব প্রসঙ্গে বলেন, ফিনটেক ও ডিজিটাল পেমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সম্মানিত বোধ করছি। বাংলাদেশের ডিজিটাল রূপান্তর ও অন্তর্ভূক্তিমূলক আর্থিক অবকাঠামো তৈরিতে ইন্ডাস্ট্রির নেতা ও অংশীজনদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই।

তরুণ উদ্যোক্তা হিসেবে নিয়াজ মোর্শেদ এলিট বেশ কিছু সফল ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন। তিনি পেশাজীবী, ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক কয়েকটি সংগঠনের সঙ্গে কাজ করছেন। বর্তমানে তিনি বড়তাকিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, জেসিআই চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেসিআই বাংলাদেশের দুবারের সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে জেসিআই বাংলাদেশ ট্রাস্টের চেয়ারপারসন ও চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট কাউন্সিলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এলিট।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার