Ortho Songbad আর্কাইভ

৭ ব্যাংকের পরীক্ষা ৫ ডিসেম্বরেই আজ অথবা আগামীকাল বিজ্ঞপ্তি

৭ ব্যাংকের পরীক্ষা ৫ ডিসেম্বরেই আজ অথবা আগামীকাল বিজ্ঞপ্তি
করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চে থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছুটি সর্বশেষ ঘোষণায় আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ অবস্থায় সরকারি-বেসরকারি সব ধরনের চাকরির পরীক্ষাও বন্ধ হয়ে যায়। তবে গত দুই মাসে সীমিত পরিসরে কিছু চাকরির পরীক্ষার আয়োজন করা হয়েছে। এজন্য মানা হয়েছে কঠোর স্বাস্থ্যবিধিও।

আগামী ৫ ডিসেম্বর সমন্বিত সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।

তবে চলতি মাসে করোনাভাইরাস সংক্রমন ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় বিষয়টি নিয়ে সংশয়ে পড়েছিলেন বিএসসির নীতি নির্ধারকরা। শেষ পর্যন্ত এ পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তেই অনড় আছেন তারা। আজ অথবা আগামীকাল এ বিষয়ে আসন বিন্যাসসহ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব আরিফ হোসেন খান আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে  বলেন, ‘সাত ব্যাংকের সিনিয়র অফিসার পরীক্ষার তারিখ ৫ ডিসেম্বরেই নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ অথবা আগামীকালের মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

বিএসসি সূত্রে জানা গেছে, আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠেয় এই পরীক্ষায় ৬৫টি থেকে ৬৭টি কেন্দ্র থাকতে পারে। পাশাপাশি মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। প্রায় এক লাখ ৪০ হাজার পরীক্ষার্থী এতে অংশ নেবে।

অর্থসংবাদ/এ এইচ আর ১৩:৩৮/ ১১:২৩:২০২০

মুল সাইট থেকে

পুজিবাজার