Ortho Songbad আর্কাইভ

নাবিল গ্রুপের এমডি ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ

নাবিল গ্রুপের এমডি ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ

আলোচিত ব্যবসাপ্রতিষ্ঠান নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বক্স মণ্ডল, ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম ও তাঁদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেনও স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গতকাল রোববার ব্যাংক হিসাব স্থগিতের এ নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে।


বিএফআইইউর চিঠিতে জাহান বক্স মণ্ডল ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগম এবং আমিনুল ইসলাম, তাঁর স্ত্রী মোছা. ইসরাত জাহান, পুত্র এজাজ আবরার ও কন্যা আফরা ইবনাতের ব্যাংক হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়। তাঁদের মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবের লেনদেনও স্থগিত রাখতে বলা হয়েছে। এ ছাড়া তাঁদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহারও ৩০ দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।


২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এ নির্দেশ দেওয়া হয়েছে বলে বিএফআইইউ জানায়। বিএফআইইউ সূত্র জানায়, কারও ব্যাংক হিসাবে লেনদেন শুরুতে ৩০ দিনের জন্য স্থগিত করা হলেও পরে সাধারণত এর মেয়াদ আরও বাড়ানো হয়।


ব্যাংক হিসাব স্থগিতের চিঠিতে জাহান বক্স মণ্ডল, আমিনুল ইসলাম, মোছা. ইসরাত জাহান ও এজাজ আবরারের জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্মতারিখ উল্লেখ করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা ছয়জন ও তাঁদের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি, লেনদেন বিবরণীও বিএফআইইউর কাছে পাঠাতে বলা হয়েছে।


প্রসঙ্গত, ২০১৭ সালে ‘জোরজবরদস্তি’ করে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়িক গোষ্ঠী এস আলম গ্রুপ। এরপর এ গ্রুপটি যেমন নামে-বেনামে একাধিক কোম্পানি খুলে অনিয়মের মাধ্যমে ব্যাপক ঋণ নিয়েছে, তেমনি সুবিধাভোগীদেরও সুযোগ করে দেয়। তাদের মধ্যে অন্যতম রাজশাহীভিত্তিক শিল্প প্রতিষ্ঠান নাবিল গ্রুপ। প্রতিষ্ঠানটি শুধু ইসলামী ব্যাংক থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে নামে-বেনামে প্রায় ১৩ হাজার কোটি টাকার ঋণ নিয়েছে বলে অভিযোগ ওঠে।

মুল সাইট থেকে

পুজিবাজার