Ortho Songbad আর্কাইভ

৪০তম বিসিএসের লিখিত ফলাফল ডিসেম্বরের মধ্যেই

৪০তম বিসিএসের লিখিত ফলাফল ডিসেম্বরের মধ্যেই
৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হতে পারে।ফলাফল প্রকাশের জন্য পিএসসি দিনরাত নিরলস ভাবে কাজ করছে বলে সরকারি কর্ম কমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র জানা গেছে।

ওই সূত্রের দাবি, ‘৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আমরা ৩১ ডিসেম্বরের আগেই ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা ফল প্রকাশ করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আশা করছি ৩১ ডিসেম্বরের মধ্যেই রেজাল্ট প্রকাশ করতে পারবো।’

পিএসসি সূত্রে জানা গেছে, একজন পরীক্ষক খাতা মূল্যায়ন করার পর তার মূল্যায়ন সঠিক হয়েছে কিনা সেটি যাচাইয়ের জন্য ওই খাতা দ্বিতীয় ধাপে একজন নিরীক্ষক পুনরায় চেক করেন। রি-চেকের সময় নিরীক্ষক দেখেন, যেখানে যেমন নাম্বার দেয়ার কথা ছিল তা দেয়া হয়েছে কিনা। আবার নম্বর যোগ করতে কোথাও ভুল হয়েছে কিনা। এই প্রক্রিয়া শেষ হলে তবেই ফলাফল চূড়ান্ত করা হয়। পরীক্ষার্থীদের মেধা যথাযথভাবে মূল্যায়ন করতে ৩৮তম বিসিএস থেকে এভাবেই খাতা দেখে আসছে পিএসসি।

প্রসঙ্গত,গত বছরের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। গত ৮ ও ৯ মার্চ ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ক্যাডার অনুসারে, প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে পিএসসি।

অর্থসংবাদ/এ এইচ আর. ১২:০৭/১২.০১.২০

মুল সাইট থেকে

পুজিবাজার