Ortho Songbad আর্কাইভ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে ইবি উপাচার্যের মতবিনিময়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে ইবি উপাচার্যের মতবিনিময়

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা স্থানান্তর না করা এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি ফায়ার স্টেশন স্থাপনের জন্য কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে দাবি জানিয়েছেন।


বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কৃষি মন্ত্রণালয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে উপাচার্য এসব দাবি উত্থাপন করেন। দাবিগুলোর প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেছে বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগের পরিচালক ড. আমানুর আমান।


এ মতবিনিময় সময় উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেন। ইসলামী বিশ্ববিদ্যালয় থানা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে অবস্থিত। সেখান থেকেই দীর্ঘদিন ধরে ক্যাম্পাস ও নির্দিষ্ট এলাকায় থানাটি সেবা কার্যক্রম চালিয়ে আসছে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গুরুত্ব তুলে ধরে থানাটি যেখানে রয়েছে সেখান থেকেই কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দাবি জানান। এ নিয়ে এলাকার মানুষের কোন আপত্তি নেই বলেও উপাচার্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন।


এছাড়াও এ ইবি উপাচার্য অত্র এলাকার জন্য একটি ফায়ার স্টেশন স্থাপন বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উপাচার্যের উত্থাপিত বিষয়গুলো মনযোগ সহকারে শোনেন এবং বিষয় দু’টিতে তাঁর ইতিবাচক মনোভাব পোষণ করেন।


এসময় উপাচার্য আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত স্বাধীনতা উত্তর প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে এই প্রতিষ্ঠানটির অশেষ গুরুত্ব রয়েছে। তখন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জায়গা পাওয়া গেলে ইসলামী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটি ফায়ার স্টেশন প্রতিষ্টা করা যেতে পারে। উপাচার্য তাঁর উত্থাপিত বিষয়গুলোতে ইতিবাচক মনোভাব প্রদর্শনের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানান।


অর্থসংবাদ/সাকিব/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার