আসছে ফেসবুকের বিকল্প দেশি সোশ্যাল মিডিয়া ‘যোগাযোগ’

আসছে ফেসবুকের বিকল্প দেশি সোশ্যাল মিডিয়া ‘যোগাযোগ’
ফেসবুকের বিকল্প হিসেবে দেশে নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘যোগাযোগ’ তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।

শনিবার (২৪ জুলাই) উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) আয়োজিত ‌‘এন্টারপ্রেনারশিপ মাস্টারক্লাস সিরিজ-২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে আইসিটি বিভাগের উদ্যোগে এই বিকল্প নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে দেশের উদ্যোক্তারা তথ্য, উপাত্ত এবং যোগাযোগের জন্য নিজেদের মধ্যে একটি নিজস্ব অনলাইন মার্কেটপ্লেস ও গ্রুপ তৈরি করতে পারবে। উদ্যোক্তাদের আর বিদেশ নির্ভর হতে হবে না।

তিনি আরও বলেন, আইসিটি বিভাগের উদ্যোগে ইতোমধ্যেই জুম অনলাইনের বিকল্প ‘বৈঠক’ অনলাইন প্ল্যাটফর্ম এবং করোনা প্রতিরোধে ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ অ্যাপস তৈরি করা হয়েছে।

এছাড়াও তিনি বলেন, নিজস্ব কমিউনিকেশনের জন্য হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে ‘আলাপন’ নামেরও একটি প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। উই এই প্ল্যাটফর্ম ব্যবহার করে উপকৃত হবে। প্রতিমন্ত্রী স্ট্রিমিং প্ল্যাটফর্মসহ নিজেদের উদ্যোগে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

প্রতিমন্ত্রী ২০১৮ সালে ডিজিটাল ই-কমার্স পলিসি করা হয়েছে উল্লেখ করে বলেন, দেশের লাখ লাখ উদ্যোক্তা তৈরি করতে তরুণ ও যুবকদের যে কোনো নতুন উদ্ভাবনে সরকার নীতিগতসহ বিভিন্ন সহায়তা প্রদান করছে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে আইসিটি সেক্টরে ২০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা। এর মধ্যে সফলতার সাথে ১৫ লাখেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। ই-কমার্স, হার্ডওয়ার, সফটওয়্যার, বিপিও সেক্টর মিলে ২০২১ সালের মধ্যে ২০ লক্ষাধিক কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে। এছাড়া ২০২৫ সালের মধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, উদ্যোক্তা হওয়ার প্রথম চ্যালেঞ্জ ঝুঁকি নেওয়ার সাহস থাকা। তিনি সততা, নিষ্ঠার ও স্বচ্ছতার সাথে উদ্ভাবনে নিজেদের নিয়োজিত করতে নারী উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইসিটি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রেজাউল মাকসুদ জাহেদি, সিল্ক গ্লোবালের সিইও এবং উইর বৈশ্বিক উপদেষ্টা সৌম্য বসু, উই’র প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা এবং এর উপদেষ্টা কবির সাকিব উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী মাস্টার ক্লাস সিরিজ-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা