Ortho Songbad আর্কাইভ

পুঁজিবাজারে আসছে ইতিবাচক পরিবর্তন, আগামীকাল অর্থমন্ত্রণালয়ে বৈঠক

পুঁজিবাজারে আসছে ইতিবাচক পরিবর্তন, আগামীকাল অর্থমন্ত্রণালয়ে বৈঠক
পুঁজিবাজারের উন্নয়নে অর্থমন্ত্রীর সঙ্গে অংশীজনের মতবিনিময় সভার প্রস্তাবগুলো যথাযথ বাস্তবায়নে সমন্বয় ও তদারকির বিষয় নিয়ে আগামীকাল (৭ ডিসেম্বর) সভা ডেকেছে অর্থ মন্ত্রণালয়। সকাল ১১টায় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির প্রতিনিধি ছাড়াও উপস্থিত থাকবেন জাতীয় রাজস্ব বোর্ড, অর্থ বিভাগ এবং রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবির প্রতিনিধি। অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নাহিদ হোসেন সাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বৈঠকের বিষয়ে জানানো হয়।

বিশেষ সূত্রে জানা গেছে, পুঁজিবাজারের জন্য খুব শিগগিরই আসছে ইতিবাচক কয়েকটি পরিবর্তন। ব্যাংকের বিনিয়োগ হিসাবের জটিলতা, পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিলে ব্যাংকের অবিতরণকৃত লভ্যাংশ স্থানান্তরে আইনী জটিলতা দূরীকরনে সংশ্লিষ্ট দপ্তরে কাজ চলছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ বিষয়গুলোর পরিস্কার গাইডলাইন আসবে।

জানতে চাইলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম অর্থসংবাদকে বলেন, কয়েকটি সপ্তাহ অপেক্ষা করেন। অনেক ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন, যেগুলোর কাজ চলছে। দেশের পুঁজিবাজারের জন্য ভালো কিছু আসছে।

সূত্র মতে, আগামীকালের সভায় সভাপতিত্ব করবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মফিজ উদ্দীন আহমেদ। সভায় বিএসইসির পক্ষে উপস্থিত থাকবেন নির্বাহী পরিচালক সাইফুর রহমান ও মাহবুবুল আলম। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন অফ সাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম।

এদিকে গত বুধবার (১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম । এসময় তিনি দেশের পুঁজিবাজারের সাম্প্রতিক পরিস্থিতি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। পাশাপাশি বাজারের উন্নয়নে পুঁজিবাজার ও আর্থিকবাজারসহ বিভিন্ন খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর কার্যকর সমন্বয় এবং কিছু আইনী জটিলতার নিরসনসহ বিএসইসির নেওয়া নানা পরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর গাইডলাইন চেয়েছেন।

এদিকে বিএসইসির উদ্যোগে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও দুবাইয়ে রোড শো অনুষ্ঠিত হয়েছে। এসব রোড শোতে বিদেশী বিনিয়োগকারীদের কাছে দেশের অর্থনীতির ধারাবাহিক উন্নয়ন, অর্থনীতির বিভিন্ন সূচক, বিদেশী বিনিয়োগকারীদের জন্য সরকারের নেওয়া নানা পদক্ষেপের তথ্য তুলে ধরা হয়। এতে বিদেশী বিনিয়োগকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়। এসব রোড শো’র অর্জনগুলো সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবগত করেন বিএসইসি চেয়ারম্যান।

মুল সাইট থেকে

পুজিবাজার