Ortho Songbad আর্কাইভ

গুরুত্বহীন হয়ে পড়েছে লঘুচাপ, নামলো সতর্ক সংকেত

গুরুত্বহীন হয়ে পড়েছে লঘুচাপ, নামলো সতর্ক সংকেত
লঘুচাপ গুরুত্বহীন হয়ে পড়ায় দেশের চারটি সমুদ্রবন্দরের ওপর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে। বুধবার (৮ নভেম্বর) পর্যন্ত কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

একই সঙ্গে আগামী দিনগুলোতে তাপমাত্রা ক্রমাগত কমে গিয়ে শীত জেঁকে বসবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আগামী ২৪ ঘণ্টায় রাতে তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

মঙ্গলবার (৭ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে আবহাওয়া বিভাগ। এছাড়া দুপুরে সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে অধিদপ্তর জানিয়েছে, ‘উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম কক্সবাজার ও মংলা ও পায়রা সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।’

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম গণমাধ্যমে বলেন, ‘উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি প্রথমে দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয় এবং পরে আরও দুর্বল গুরুত্বহীন হয়ে পড়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।’

মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে তিনি বলেন, ‘চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।’

মুল সাইট থেকে

পুজিবাজার