মাইডাস ফাইন্যান্সকে ফ্লোর বিক্রির তথ্য আর্থিক প্রতিবেদনে প্রকাশের নির্দেশ

মাইডাস ফাইন্যান্সকে ফ্লোর বিক্রির তথ্য আর্থিক প্রতিবেদনে প্রকাশের নির্দেশ
পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্সকে ফ্লোর স্পেস ও গাড়ি পার্কিংয়ের জায়গা বিক্রির তথ্য আসন্ন আর্থিক প্রতিবেদনে উল্লেখ করার বিষয়ে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। চলতি বছর ৩ মার্চ কোম্পানিটির সঙ্গে বিএসইসির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের আলোকেই কোম্পানিটির ফ্লোর স্পেসসহ গাড়ি পার্কিংয়ের জায়গা বিক্রির তথ্য আর্থিক প্রতিবেদনে উল্লেখ করতে বলা হয়েছে। সম্প্রতি মাইডাস ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত বিষয়ে চিঠি পাঠানো হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়, মাইডাস ফাইন্যান্সকে ৩ হাজার ৭৯০ বর্গফুট ও ৩টি গাড়ি পার্কিংয়ের জায়গা বিক্রির বিষয়টি সমন্বয় করা এবং আসন্ন আর্থিক প্রতিবেদনে যথাযথ ভাবে প্রকাশ করতে পরামর্শ দেওয়া হলো।

সূত্র মতে, গত বছর মাইক্রো ইন্ড্রাস্ট্রিজ ডেভেলপমেন্ট এসিসট্যান্স অ্যান্ড সার্ভিসের (মাইডাস) কাছে কম দামে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত মাইডাস সেন্টারের ১১ তলায় ৩ হাজার ৭৯০ স্কয়ার ফুট ফ্লোর স্পেস এবং তিনটি গাড়ি পার্কিংয়ের জায়গা হস্তান্তর করে মাইডাস ফাইন্যান্স। এ ফ্লোর স্পেসের মূল্য নির্ধারণ করা হয় ১ কোটি ৭১ লাখ ৩৪ হাজার ৯৯৮ টাকা। ২০২১ সালের ৩ আগস্ট ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিটির পক্ষ থেকে এ সংক্রান্ত তথ্য প্রকাশ হয়। সে সময় আরো জানানো হয়,ফ্লোর স্পেস হস্তান্তরের বিষয়টি অনুমোদনের জন্য ওই বছরের ২০ সেপ্টেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করে কোম্পানিটি।

ফ্লোর স্পেসটির দাম যাচাই করলে দেখা যায়, প্রতি স্কয়ার ফুটের দাম পড়েছে মাত্র ৪ হাজার ৫২১ টাকা। গাড়ি পার্কিংয়ের জায়গা যুক্ত করলে ফ্লোর স্পেসটির দাম আরো কমে আসে। রাজধানীর ধানমন্ডির মত অভিজাত এলাকায় এতো কম মূল্য বাস্তবসম্মত কিনা তা নিয়ে শেয়ারহোল্ডারসহ সংশ্লিষ্টরা প্রশ্ন তুলেন।

তবে কোম্পানিটির পক্ষ থেকে দাবি করা হয়, ফ্লোর স্পেসটির এই মূল্য ২০১২ সালে নির্ধারণ করা হয়েছিল। তখন বিনিয়োগকারীদের অনুমোদন নেওয়া হয়। যদিও ফ্লোর স্পেসটি তাৎক্ষণিক হস্তান্তর করা হয়নি। তাই ফ্লোর স্পেসটি হস্তান্তরের আগে পুনরায় বিষয়টি বিনিয়োগকারীদের সামনে নিয়ে আসা হয়। এরই ধারাবাহিকতায় গত বছরের ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির ইজিএম ও এজিএমে এ বিষয়টি শেয়ারহোল্ডারদের সামতে তুলে ধরা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন